ভারতীয় ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে বিরাট কোহলির টেস্ট অবসর। সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক নভজ্যোত সিং সিধু সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় কোহলিকে লাল বলের ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, কোহলির টেস্টে প্রত্যাবর্তন হলে তা গোটা দেশের জন্য আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্ত হয়ে উঠবে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সিধু কোহলির ফিটনেস ও ব্যক্তিত্বের প্রশংসা করে লেখেন, কোহলির শারীরিক সক্ষমতা এখনো একজন বিশ বছর বয়সী ক্রিকেটারের মতোই। তার ভাষায়, কোহলির মতো ক্রিকেটারের টেস্ট ক্রিকেটে উপস্থিতি দেশের মনোবল বাড়াবে।
সিধু লিখেছেন, “যদি ঈশ্বর আমাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিতেন, আমি বলতাম—কোহলিকে তার টেস্ট অবসর থেকে ফিরিয়ে এনে আবার লাল বলের ক্রিকেট খেলানো হোক। ১৫০ কোটি মানুষের দেশের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তার ফিটনেস একজন বিশ বছরের তরুণের মতো, সে নিজেই ২৪ ক্যারেট সোনা।”
চলতি বছরের ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ও সফল টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। এর আগে ২০২৪ সালে বার্বাডোজে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকেও সরে দাঁড়ান তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কেবল ওয়ানডেতেই মনোযোগ দিচ্ছেন সাবেক ভারত অধিনায়ক।
দুই ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডেতে কোহলির পারফরম্যান্সে তেমন ভাটা পড়েনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অস্ট্রেলিয়ায় এক সিরিজে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিরল এক খারাপ সময়ের মুখোমুখি হন তিনি। তবে দ্রুতই ঘুরে দাঁড়ান। সিডনিতে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন কোহলি, যেখানে রোহিত শর্মার সেঞ্চুরিতে সহজ জয় পায় ভারত।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে আরও উজ্জ্বল ছিলেন কোহলি। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা দুটি শতক হাঁকান তিনি এবং শেষ ম্যাচে অপরাজিত ৬৫ রানে দলকে ২–১ ব্যবধানে সিরিজ জিততে সহায়তা করেন। বছর শেষে ১৩ ইনিংসে তার রান দাঁড়ায় ৬৫১, গড় ৬৫.১০।
ঘরোয়া ক্রিকেটেও নিজের ছাপ রেখেছেন কোহলি। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে একটি শতক ও ৭৭ রানের ইনিংস খেলেছেন তিনি। সামনে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিও নিচ্ছেন এই ব্যাটিং কিংবদন্তি।
ভেনাস-আন্দ্রেয়ার ইয়ে করে বিয়েতে সেরেনা দিলেন ইয়ট পার্টি
আর্জেন্টাইন দ্বন্দ্ব: এনজোর ধাক্কা, দিবুর মনোযোগ নষ্ট আর নাটকীয় প্রত্যাবর্তন