লিভারপুল–উলভস ম্যাচে দিয়েগো জোতার সন্তানরা হলেন মাসকট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

প্রিমিয়ার লিগে লিভারপুল ও উলভারহ্যাম্পটনের ম্যাচটি রূপ নেয় আবেগঘন এক শ্রদ্ধানুষ্ঠানে। প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার স্মরণে দুই ক্লাব একসঙ্গে শ্রদ্ধা জানায়, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোতার সন্তানরা। ম্যাচে মাসকট হিসেবে মাঠে নামে তার তিন সন্তানের মধ্যে দু’জন—দিনিস ও দুয়ার্তে। গ্যালারিতে উপস্থিত ছিলেন জোতার স্ত্রী রুতে কার্দোসোও।

গত জুলাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গে প্রাণ হারান দিয়োগো জোতা। ২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে উলভসের জার্সিতে খেলেছিলেন তিনি। মৃত্যুর পর এই প্রথমবার দুই দল মুখোমুখি হওয়ায় ম্যাচটি ঘিরে ছিল বিশেষ আবহ। খেলার ২০তম মিনিটে উভয় দলের সমর্থকেরা একসঙ্গে জোতার নাম ধরে স্লোগান দিয়ে তাকে স্মরণ করেন। এর আগেই লিভারপুল জোতার ব্যবহৃত ২০ নম্বর জার্সি অবসর নেওয়ার ঘোষণা দেয়।

আবেগঘন পরিবেশের মধ্যেই মাঠের লড়াইয়ে ২-১ গোলে জয় তুলে নেয় লিভারপুল। এই জয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতল অলরেডরা এবং ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে উঠে এল শীর্ষ চারে। চলতি মৌসুমে তাদের জয় ১০টি, হার ৬টি ও ড্র ২টি।

অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। হুগো একিটিকের শট পোস্টে লেগে ফিরে আসে। পাল্টা আক্রমণে উলভসের মাতেউস মানের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১তম মিনিটে রায়ান গ্রাভেনবার্শের জোরালো শটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর একিটিকের পাস থেকে ফ্লোরিয়ান ভির্টজ গোল করে ব্যবধান বাড়ান। বিরতিতে লিভারপুল এগিয়ে ছিল ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে উলভস। ৫১তম মিনিটে কর্নার থেকে সান্তিয়াগো বুয়েনোর গোল কিছুটা চাপ বাড়ায় লিভারপুল শিবিরে। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ইয়ুর্গেন ক্লপের দল।

এই জয়ে আপাতত চেলসিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। আর উলভস রয়ে গেছে ১৭তম স্থানে থাকা নটিংহাম ফরেস্টের থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে—অবনমনের শঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত