মাত্র ১৪ বছর বয়সেই যুব ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ভারতের আলোচিত প্রতিভা বৈভব সূর্যবংশী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তাঁকে। সিরিজটি শুরু হবে আগামী শনিবার।
প্রথম ম্যাচের দিন বৈভব সূর্যবংশীর বয়স হবে ১৪ বছর ২৮২ দিন। এর মধ্য দিয়ে যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়বেন তিনি। এতদিন এই কীর্তির মালিক ছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান যুব দলকে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর বয়স ছিল ১৫ বছর ১৪১ দিন। তালিকার পরের নামটি বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের—২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১৫ বছর ২৮৪ দিন বয়সে যুব দলের অধিনায়ক হয়েছিলেন তিনি।
ভারতীয় যুব দলের নিয়মিত অধিনায়ক আয়ুশ মাত্রে ও সহ-অধিনায়ক ভিহান মালহোত্রা কবজির চোটে ভোগায় এই সিরিজে খেলতে পারছেন না। তাঁদের অনুপস্থিতিতেই মূলত নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বৈভব সূর্যবংশী। তবে যুব বিশ্বকাপে আবারও অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মাত্রে ও মালহোত্রাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল ঘোষণার পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডও প্রকাশ করেছে ভারত।
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। ১৬ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চারটি গ্রুপ থেকে তিনটি করে দল জায়গা পাবে পরের রাউন্ডে। এরপর দুইটি গ্রুপে ছয় দল করে খেলবে, সেখান থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। পাঁচবার শিরোপা জিতে যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত, আর এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার।
সেই দাবির বড় ভিত্তি বৈভব সূর্যবংশীর ব্যাটিং সামর্থ্য। এখন পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলেই তিনি সংগ্রহ করেছেন ৭৬৭ রান—গড় ৫১.১৩, স্ট্রাইক রেট ১৫৮.৭৯। দুটি সেঞ্চুরির মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৭৮ বলে ১৪৩ রান, আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ৫২ বলেই শতরান পূর্ণ করেন তিনি, যা যুব ওয়ানডে ইতিহাসে দ্রুততম। আমিরাতের বিপক্ষে সেঞ্চুরিতে লেগেছিল ৫৬ বল, সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১৪টি ছক্কা—যা যুব ওয়ানডেতে একটি রেকর্ড।
শুধু বয়সভিত্তিক ক্রিকেট নয়, সিনিয়র পর্যায়েও নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করে তিনি হয়েছেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বকনিষ্ঠ শতরানকারী। সম্প্রতি ভারতের ভিজায় হাজারে ট্রফিতে খেলেছেন ৮৪ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি ৫৯ বলে দেড়শ রান ছুঁয়ে গড়েছেন বিশ্বরেকর্ডও।
এই অসাধারণ কীর্তির স্বীকৃতি হিসেবে দুদিন পরই তিনি পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মাননা—প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার। বয়স যতই কম হোক, বৈভব সূর্যবংশী যে ভারতের ভবিষ্যৎ ক্রিকেটের বড় ভরসা, তা আর বলার অপেক্ষা রাখে না।
মেসির সঙ্গে মায়ামিতে খেলে ক্যারিয়ার শেষ করতে চান রোনালদো!
'২৪ ক্যারেট সোনা'কে টেস্টে ফিরিয়ে আনার আহ্বান সিধুর