তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

তাইওয়ানকে ঘিরে বড় পরিসরের সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবারে (২৯ অনুষ্ঠিত) এসব মহড়ার পর তাইওয়ান সম্ভাব্য হামলা প্রতিহত করতে দ্রুত সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে। দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এই মহড়াকে বেইজিং 'বিচ্ছিন্নতাবাদী শক্তি'র বিরুদ্ধে কড়া সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে। 

'জাস্টিস মিশন টুয়েন্টি টুয়েন্টি ফাইভ' নামের এই মহড়ায় চীনের স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্স অংশ নিচ্ছে। এতে সরাসরি গোলাবর্ষণসহ বিভিন্ন যুদ্ধাভ্যাস রয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে প্রায় এগারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই মহড়া শুরু হয়, যা নিয়ে বেইজিং তীব্র প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড, যা তাইওয়ান প্রণালির দায়িত্বে রয়েছে, এই মহড়াকে 'ন্যায়ের ঢাল' হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, স্বাধীনতার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহড়ার বড় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেনি। বেইজিং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে কে স্বাধীনতাপন্থী বলে অভিযুক্ত করছে। তবে লাইয়ের দাবি, তাইওয়ান ইতোমধ্যেই একটি সার্বভৌম রাষ্ট্র। তিনি স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

২০২২ সাল থেকে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেইজিং যেসব ঘটনাকে উসকানি হিসেবে দেখে, সেগুলোর পরই সাধারণত এমন মহড়া জোরদার হয়। বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তাইওয়ানও নিয়মিত বড় সামরিক মহড়া চালাচ্ছে এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত