দুবাইয়ে অনুষ্ঠিত আলোচিত ‘ব্যাটল অব দ্য সেক্সেস’ প্রদর্শনী টেনিস ম্যাচে নারী টেনিসের বর্তমান বিশ্বসেরা আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেছেন অস্ট্রেলিয়ার নিক কিরিওস। পরিবর্তিত নিয়মে খেলা ম্যাচটিতে কিরিওস সরাসরি সেটে জয় পান।
প্রচার ও আলোচনায় ভরা এই ম্যাচটি টেনিসপ্রেমীদের মধ্যে ভিন্নমত সৃষ্টি করে। সাবালেঙ্কার শক্তি ও গতি সামাল দিতে তার কোর্টের এক পাশের পরিসর কমানো হয় এবং উভয় খেলোয়াড়কে মাত্র একটি করে সার্ভ দেওয়ার নিয়ম চালু করা হয়।
ম্যাচ শেষে কিরিওস বলেন, “সত্যি বলতে এটি ছিল খুবই কঠিন ম্যাচ। সে অসাধারণ খেলোয়াড় এবং একজন দুর্দান্ত চ্যাম্পিয়ন। সে একাধিকবার আমার সার্ভ ভেঙেছে। আমাকে পুরো মনোযোগ ধরে রাখতে হয়েছে। আমি আবারও তার বিপক্ষে খেলতে চাই।”
খেলার শুরুতে সাবালেঙ্কা যখন সংগীতের তালে কোর্টে প্রবেশ করেন, তখন স্নায়ুচাপ অনুভব করেছিলেন বলেও স্বীকার করেন কিরিওস। তার ভাষায়, “এই অবস্থানে দাঁড়ানোর জন্য খুব বেশি মানুষ হাত তুলত না। আমি স্বাভাবিকভাবেই নার্ভাস ছিলাম। আমি দারুণ লড়াই করেছি। সে ক্লান্ত হয়ে পড়েছিল। আমি অনেক ভালো শট খেলেছি এবং পুরো আয়োজন উপভোগ করেছি। পরেরবার যখন তার বিপক্ষে খেলব, তখন তার শক্তি ও দুর্বলতা আরও ভালোভাবে জানা থাকবে। তখন ম্যাচ আরও ভালো হবে।”
এই প্রদর্শনী ম্যাচটি আয়োজন ও উদ্দেশ্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও আলোচনার কেন্দ্রে ছিল খেলাটির বাণিজ্যিক দিক ও সম্প্রচারমূল্য। তবুও দুই তারকার মুখোমুখি লড়াই টেনিস বিশ্বে নতুন বিতর্ক ও কৌতূহলের জন্ম দিয়েছে।
জাতীয় দল ছেড়ে গম্ভীরকে রঞ্জি দলের কোচ হওয়ার পরামর্শ