সোনারগাঁওয়ে ৫ দিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পাঁচ দিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই জন্মোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।

এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জন্মোৎসব উপলক্ষে আয়োজিত মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ ও বেতশিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশাচিত্র, হাতপাখা, শঙ্খ ও ঝিনুকসহ নানা ধরনের হস্তশিল্পের ১৭টি স্টল স্থান পেয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই উৎসব চলবে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে বাংলাদেশি লোক ও কারুশিল্প বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রতিদিন লোকজ মঞ্চে আয়োজন করা হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত