বিগ ব্যাশে ধারাবাহিক রিশাদ, আবারও জোড়া উইকেট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

বিগ ব্যাশ লিগে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন রিশাদ হোসেন। কিছুটা খরচা হলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে হোবার্ট হারিকেন্সের ম্যাচ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার। গতকাল মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচে চার ওভারে ৩৪ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এবার শেষ পর্যন্ত জয় পায় হারিকেন্স। 

এই ম্যাচ নিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে রিশাদের উইকেটসংখ্যা দাঁড়াল আটে। প্রথম ম্যাচে উইকেট না পেলেও এরপর প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন ২৩ বছর বয়সী এই লেগি।

ঘরের মাঠ হোবার্টে রিশাদ বোলিংয়ে আসেন দলের পঞ্চম ওভারে। শুরুতে কিছুটা ব্যয়বহুল হলেও দ্বিতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে ম্যাচে ছন্দ ফেরান তিনি। ওই ওভারের চার হাঁকানোর পর পরের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তানি ব্যাটার।

নিজের তৃতীয় ওভারে চাপের মুখে পড়েন রিশাদ। ওভারের প্রথম বলেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি হলেও বাউন্ডারিতে নিখিল চৌধুরির হাত ফসকে যায় ক্যাচ, যা ছক্কায় পরিণত হয়। ওই সময় কাঁধে চোটও পান নিখিল। পরের বলগুলোতে রান এলেও ম্যাগার্কের একটি ছক্কার জবাব দিতে দেরি করেননি রিশাদ। বাউন্ডারি মারার পরের বলেই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার।

রিশাদ হোসেন

দলীয় ১৪তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে রিশাদ একটি বাউন্ডারি হজম করলেও বাকি বলগুলোতে রান তুলতে ব্যর্থ হন রেনেগেডসের ব্যাটাররা।
টসে হেরে ব্যাট করতে নেমে মেলবোর্ন রেনেগেডস ৯ উইকেটে ১৬২ রান তোলে। ওপেনিং জুটিতে জস ব্রাউন ও টিম সেইফার্ট ৩৮ রান যোগ করেন, দুজনই করেন ২৬ রান করে। মাঝ ও শেষভাগে অলিভার পিকের ২২ বলে ২৯ এবং উইল সাদারল্যান্ডের ১৭ রানে লড়াইয়ের পুঁজি পায় দলটি। শেষদিকে গুরিন্দার সান্ধু ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

হারিকেন্সের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাথান এলিস। রিশাদ ছাড়াও ক্রিস জর্ডান, রাইলি মেরেডিথ ও মিচেল ওয়েন একটি করে উইকেট শিকার করেন।

রেনেগেডসের ৯ উইকেটে ১৬২ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ১২ বলে ১৮ রান দরকার ছিল হারিকেনসের। হাতে ৪ উইকেট। সান্ধুর করা ১৯তম ওভারে অভিজ্ঞ ম্যাথু ওয়েড একাই ২টি ছক্কা ও ১টি চারে জয়ের রান তুলে ফেলেন। ২০ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ওয়েড, ৫ রানে অন্য প্রান্তে ক্রিস জর্ডান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত