ইনজামামের দ্রততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শান মাসুদ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ ঘরোয়া ক্রিকেটে রাসের ফোয়ারা ছোটাচ্ছন। দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড–১ টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ভেঙে দিয়েছেন কিংবদন্তি ইনজামামুল হকের ৩৩ বছর পুরোনো রেকর্ড।

সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের অধিনায়ক হিসেবে সাহার অ্যাসোসিয়েটসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমে মাসুদ খেলেন ২০০ বলে ২১৬ রানের দুর্দান্ত ইনিংস। তার ইনিংসে ছিল ২৮টি চার ও ২টি ছক্কা। মাত্র ১৭৭ বলেই তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন, যা পাকিস্তানের কোনো ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ১৯৯২ সালে ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ইনজামামুল হক। এই ইনিংসের মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন শান মাসুদ।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সুই নর্দার্ন ৫ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। ১০৫.৫ ওভারে তাদের রানরেট ছিল ৫.৪৩। মাসুদের পাশাপাশি আলি জারিয়াবও দুর্দান্ত ব্যাটিং করেন। তার ব্যাট থেকে আসে ২৩৭ বলে ১৯২ রান, যাতে ছিল ২৬টি চার ও ৪টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে সাহার অ্যাসোসিয়েটস মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায়। সাজিদ খানের ভয়ংকর বোলিংয়ে তারা ধসে পড়ে। ১৬.২ ওভারে ২২ রান দিয়ে ৬ উইকেট নেন এই স্পিনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত