বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক: বিপিএল ম্যাচ বাতিল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং সারাদেশে খেলাটির প্রসারে নতুন গতি সঞ্চারিত হয়।

বিসিবি আরও উল্লেখ করে, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে এবং আজ যে অবস্থানে বাংলাদেশ ক্রিকেট পৌঁছেছে, তাঁর পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে বলা হয়, “এই অপূরণীয় ক্ষতিতে বিসিবি সমগ্র জাতির সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।"

জাতীয় শোক পালনের অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকের নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৫–২৬ মৌসুমের দুটি ম্যাচ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে আয়োজন করা হবে।

বিসিবি আরও জানায়, পুনর্নির্ধারিত সূচি ও ম্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত