খালেদা জিয়ার মৃত্যু

জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, উপাচার্যের শোক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়্যারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকল ক্লাস-পরীক্ষা, প্রশাসনিক ও বিভাগীয় সভা স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে নিজ উদ্যোগে কালো ব্যাজ ধারণ করতে বলা হয়।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শোক বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের সাবেক তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধি লাভ করা বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়। বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেন কোটি কোটি মানুষের নেত্রী।  বেগম খালেদা জিয়া স্বপ্নে আকাঙ্ক্ষায় উদার, গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথ চলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন। তিনি ছিলেন ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে অনন্য প্রেরণার উৎস।

শোক বার্তায় উপাচার্য বলেন, স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত ও স্নিগ্ধ সহনশীল বেগম খালেদা জিয়া  স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থরক্ষায় সাহসী ও সোচ্চার থেকেছেন।  তার শারীরিক প্রস্থান হলেও বেগম খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে। এদেশের রাজনীতির ইতিহাসে তিনি বরাবরই প্রাসঙ্গিক হিসেবে আবির্ভূত হবেন।

উপাচার্য ২০২৪-এ গণ-অভ্যুত্থান পরবর্তী জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, গণতন্ত্রের ধ্বংস্তুপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশের। তিনি  ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সহনশীল ও পরিমিত দৃঢ় এক ঐক্যের বার্তা দিয়ে গেছেন। তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত