সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। একই সঙ্গে কেডি ঘোষ রোডের প্রধান কার্যালয়সহ খুলনা মহানগরীর সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
শোক কর্মসূচির অংশ হিসাবে দুপুরে কেডি ঘোষ রোডস্থ খুলনা মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এ সময় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দলের পক্ষ থেকে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী ৭দিন একইভাবে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় আজ নিভে গেছে বলে উল্লেখ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক বার্তায় এ কথা বলেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি-এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর এবং গণতান্ত্রিক বাংলাদেশের এক সাহসী পথপ্রদর্শক। আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দেশবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা আরও বলেন, মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণায় চির অম্লান হয়ে থাকবেন।
