খেলতে খেলতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সুদানের গোলরক্ষক, তারপর...

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচে ভয়ংকর এক মুহূর্তের সাক্ষী হলো দর্শকরা। রোববার (২৮ তারিখ) সুদান ও ইকুয়েটোরিয়াল গিনির মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে হঠাৎ মাঠেই জ্ঞান হারিয়ে পড়ে যান সুদানের গোলরক্ষক মংগেদ এলনিল ।

ম্যাচের প্রথমার্ধের প্রায় ৩৭ মিনিটে, স্কোরলাইন যখন ০–০, তখন হঠাৎই সামনের দিকে লুটিয়ে পড়েন এলনিল। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। প্রায় মুখ থুবড়ে পড়ে যাওয়ার সেই দৃশ্য দেখে শঙ্কায় পড়ে যান সতীর্থ, প্রতিপক্ষ ও দর্শকরা। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন মেডিকেল টিম, খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিট।

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবাক করার মতো সিদ্ধান্ত নেন সুদানের গোলকিপার—তিনি মাঠেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, ম্যাচের বাকি সময় দারুণ দৃঢ়তায় গোলপোস্ট সামলান এলনিল। তাঁর একের পর এক গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত কোনো গোল করতে পারেনি ইকুয়েটোরিয়াল গিনি। আর সুদান জেতে ম্যাচের একমাত্র গোলটি করে ১–০ ব্যবধানে।

অবাক করে মাঠেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সুদানের গোলরক্ষক

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রচণ্ড গরম এবং রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় এলনিল অজ্ঞান হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসা সহায়তার পর তিনি আবার স্বাভাবিকভাবে খেলতে সক্ষম হন।

এই জয়ের ফলে দুটি ম্যাচ শেষে গ্রুপ ‘ই’-তে তৃতীয় স্থানে উঠে আসে সুদান। বিপরীতে, ইকুয়েটোরিয়াল গিনি টানা পরাজয়ের ফলে গ্রুপের চতুর্থ স্থানেই পড়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত