মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় নতুন করে চালানো মার্কিন সামরিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর সম্ভাব্য জীবিতদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে বলে বুধবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, পরিচিত মাদক পাচার রুটে একসঙ্গে চলাচল করা তিনটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। এর আগে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর দাবি, হামলার আগে নৌকাগুলোর মধ্যে মাদক হস্তান্তর হয়েছিল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সাউদার্ন কমান্ডের বিবৃতিতে বলা হয়, প্রথম দফার হামলায় একটি নৌযানে থাকা তিনজন নিহত হন। পরবর্তী সময়ে অন্য দুটি নৌযান থেকে কয়েকজন পানিতে ঝাঁপ দেন। এরপর চালানো দ্বিতীয় দফার হামলায় আরও দুইজন নিহত হন এবং নৌযানগুলো ডুবে যায়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এই হামলার মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলার সংখ্যা দাঁড়াল ৩৩টিতে। এর আগের কয়েকটি ঘটনায় হামলার পর জীবিতদের লক্ষ্য করে পুনরায় আঘাত হানার অভিযোগ ওঠায় এসব অভিযানের বৈধতা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। যদিও কিছু আইনপ্রণেতা ও আইন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, ট্রাম্প প্রশাসন এসব অভিযানকে মাদক কার্টেলের বিরুদ্ধে 'সশস্ত্র সংঘাতের' অংশ হিসেবে বৈধ বলে দাবি করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত