কুমিল্লার সদর রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম গামী একটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স বুধবার রাত সাড়ে সাতটার দিকে আদর্শ সদর উপজেলার রসুলপুর স্টেশনে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ট্রেনের ভেতর থেকে ১ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি, কসমেটিকস, শাড়ি, বাসমতি চাল ও ফুচকা উদ্ধার করা হয়। তবে এসব পণ্যের কোনও বৈধ মালিক পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দ করা মালামাল আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।