মাদারীপুরে পাখি হত্যা করায় যুবকের ৭ দিনের কারাদণ্ড

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

মাদারীপুরে শামুক খোল নামে দুটি অতিথি পাখি হত্যা করার অপরাধে মো. রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে জেলার রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। দণ্ডপ্রাপ্ত ওই যুবক একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে অবৈধ ড্রেজার বালু উত্তোলনের বিরুদ্ধে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। এসময় বেশ কয়েকটি অবৈধ ড্রেজার পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে একই গ্রামে অতিথি পাখি হত্যাকারীকে দেখে অভিযান চালান তিনি। এসময় জবাই করা রক্তাক্ত অবস্থায় দুইটি শামুক খোল পাখিসহ রানা নামে এক যুবক আটক করে রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে যায়। পরবর্তীতে পাখি হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাদারীপুরের রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে চুরমার করা হয়েছে। যাতে ভবিষ্যতে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম রোধ করা যায়। আগামীতে বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এবং অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত