গাইবান্ধায় গাছচাপায় দুই বোনের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় গাছের নিচে চাপা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ফিহামনি (১১) ও জান্নাতি আক্তার (২) ওই এলাকার ফরিদ মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আব্বাসের মোড় এলাকায় মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে গাছ কাটার কাজ চলছিল। সন্ধ্যার দিকে প্রতিবেশি ফরিদ মিয়ার মেয়ে দুই মেয়ে গাছ কাটার দৃশ্য দেখতে যায়। এসময় হঠাৎ গাছের মোটা ডাল তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। এ সময় ‎গাছের মালিক মধু মিয়া ও মতিউর রহমান বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে গাছের পাতা দিয়ে ওই দুই শিশুকে ঢেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এদিকে পরিবারের লোকজন ওই দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়েকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ‎পরে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

‎গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সুমঙ্গল কুমার দাশ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত