কদিন আগেই অভিনেতা আন্দ্রেয়া প্রিতিকে বিয়ে করেন ভেনাস উইলিয়ামস। ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা এবার ঘোষণা দিয়েছেন আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন তিনি। সাতবারের গ্র্যান্ড স্ল্যাম একক চ্যাম্পিয়নকে ১২ জানুয়ারি শুরু টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ডে মূল পর্বে খেলতে দেখা যাবে। দীর্ঘ পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে দেখা যাবে তাকে
শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মেলবোর্ন পার্কে ভেনাসের এটি হবে ২২তম মূল পর্বে অংশগ্রহণ। একই সঙ্গে এটি তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলার ২৮ বছর পূর্তিও। ১৯৯৮ সালে অভিষেকেই তিনি দ্বিতীয় রাউন্ডে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হারান। তবে কোয়ার্টার ফাইনালে আরেক মার্কিন তারকা লিন্ডসে ড্যাভেনপোর্টের কাছে হেরে বিদায় নিতে হয় তাকে।
গত নভেম্বরেই ভেনাস জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডে খেলবেন তিনি—সেখানেও পেয়েছেন ওয়াইল্ড কার্ড। এরপর মেলবোর্নে নামার আগে অস্ট্রেলিয়ার হোবার্টে একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মেলবোর্নে ভেনাসের সর্বশেষ উপস্থিতি ছিল ২০২১ সালে। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে তিনি দু’বার রানার্সআপ হন—২০০৩ ও ২০১৭ সালে, দু’বারই ফাইনালে হেরেছিলেন সেরেনার কাছে। মেলবোর্ন পার্কে তার সামগ্রিক রেকর্ড ৫৪ জয় ও ২১ হার।
অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ জানিয়েছে, এবার খেলতে নামলে ভেনাস উইলিয়ামস টুর্নামেন্টের ইতিহাসে মূল পর্বে অংশ নেওয়া সবচেয়ে বয়সী নারী খেলোয়াড় হবেন। এতদিন এই রেকর্ডটি ছিল জাপানের কিমিকো ডাটের, যিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন।
ফিরে আসা নিয়ে ভেনাস বলেন, “অস্ট্রেলিয়ায় আবার খেলতে পারা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়ান গ্রীষ্মে প্রতিযোগিতা করার অভিজ্ঞতা বরাবরই দারুণ। এখানে আমার ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্ত আছে। এমন একটি জায়গায় ফেরার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ, যা আমার টেনিস জীবনে অনেক কিছু দিয়েছে।”
রহস্যময় ভিলা ও কালো টাকার অভিযোগ: বিশ্বকাপের আগে সংকটে মেসিরা