কাল শনিবার কাতালান ডার্বিতে বিরল ও প্রতীকী এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে আরসিডিই স্টেডিয়ামে (কর্নেয়া-এল প্রাত) এক দশক পর নিজেদের ঐতিহ্যবাহী নীল-গার্নেট বা ব্লউগ্রানা জার্সিতে মাঠে নামতে যাচ্ছে কাতালান জায়ান্টরা।
স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো-জানিয়েছে, লা লিগা কর্তৃপক্ষ বার্সেলোনাকে এই ডার্বিতে তাদের ক্লাসিক ব্লউগ্রানা রঙের জার্সি পরার অনুমতি দিয়েছে। এর ফলে ২০১৬ সালের ১৩ জানুয়ারির পর এই প্রথম এস্পানিওলের বর্তমান হোম গ্রাউন্ডে ঐতিহ্যবাহী জার্সিতে খেলবে বার্সা।
সবশেষবার ওই স্টেডিয়ামে নীল-গার্নেট ডোরাকাটা জার্সিতে খেলেছিল বার্সেলোনা কোপা দেল রে’র শেষ ষোলোর দ্বিতীয় লেগে। সেই ম্যাচে লাল শর্টসের সঙ্গে ব্লাউগ্রানা জার্সি পরে ২–০ গোলে জিতেছিল তারা। মজার বিষয় হলো, তার মাত্র ১১ দিন আগেই একই ভেন্যুতে লিগ ম্যাচে একই কিট পরে খেলেছিল দুই দল, যা শেষ হয়েছিল গোলশূন্য ড্রতে।
এরপর থেকে আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনার সফরগুলোতে দেখা গেছে ভিন্ন ভিন্ন বিকল্প জার্সি। তথ্য অনুযায়ী, এস্পানিওলের বর্তমান মাঠে ১৬ বার খেলতে গিয়ে মাত্র চারবার নিজেদের প্রথম পছন্দের জার্সি পরেছে বার্সা। এর মধ্যে দুটি ছিল একেবারে শুরুতে—২০০৯-১০ মৌসুমে ০–০ ড্র এবং ২০১০-১১ মৌসুমে স্মরণীয় ৫–১ গোলের জয়।
আসন্ন ডার্বিতে তাই পঞ্চমবারের মতো এই মাঠে ব্লাউগ্রানা জার্সিতে নামবে বার্সেলোনা। তবে খেলোয়াড়দের জন্য অনুমতি মিললেও সমর্থকদের ক্ষেত্রে একই স্বাধীনতা থাকছে না। এস্পানিওলের নিয়ম অনুযায়ী, ম্যাচ দেখতে আসা দর্শকদের বার্সেলোনা বা নীল-গার্নেট রঙের কোনো প্রতীক বহন বা পরিধান করতে দেওয়া হবে না।
বছরের পর বছর কর্নেয়া-এল প্রাতে বার্সেলোনার জার্সির রঙে ছিল ব্যাপক বৈচিত্র্য। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে হলুদ ও কাতালান ‘সেনিয়েরা’ জার্সি—চারটি ম্যাচে। এ ছাড়া কালো, কমলা, মেরুন এমনকি ‘ম্যাঙ্গো’ রঙের জার্সিও দেখা গেছে।
উল্লেখযোগ্যভাবে, গত মৌসুমে এই স্টেডিয়ামেই কালো জার্সি পরে ২–০ জয়ের মাধ্যমে লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। তার দুই মৌসুম আগে আবার হলুদ সেনিয়েরা জার্সিতে একই মাঠে চ্যাম্পিয়নশিপ উদ্যাপন করে তারা।
ছন্দহীন সাদাকালোরা টানা চতুর্থ ড্রয়ে আরো বিবর্ণ