ঢাকার মতো সুন্দর রাজধানী পৃথিবীতে বিরল: রাজউক চেয়ারম্যান

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

ঢাকার মতো সুন্দর রাজধানী পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, ‘ভৌগোলিকভাবে ঢাকার মতো সুন্দর রাজধানী পৃথিবীতে বিরল। কিন্তু আমরা নগরবাসীরাই অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই শহরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি।’

শুক্রবার পুরান ঢাকার নয়াবাজারের নওয়াব ইউসুফ মার্কেটে ঢাকা মহানগর সমিতির (ঢাকা সমিতি) সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল নওয়াব। তাছাড়া রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা সমিতির সদস্যসহ এলাকাবাসীর অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানেরা আমাদের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। আমাদের সামনে সুযোগ এসেছে একটি তিলোত্তমা ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার। নিয়ম বা আইন মানুষের প্রয়োজনের জন্যই তৈরী হয় এবং মানুষের সুবিধা ও প্রয়োজনের উদ্দেশ্যেই পরিবর্তন করা হয়।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই আমাদের প্রয়োজনে ভবন নির্মান করবো। কিন্তু একটা এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জন্য প্রয়োজনীয় রাস্তা আমাদের থাকতে হবে যেন ভূমিকম্প, অগ্নিকান্ড সহ যে কোন দুর্যোগে আমরা খুব বেশি ক্ষতির সম্মুখীন না হতে হয়। বাড়ি বানানোই শেষ কথা নয়, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি শহর গড়ে তুলতে হবে আমাদের। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, রাজউক সকলকে সাথে নিয়ে এই শহরকে বাসযোগ্য করে তুলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত