‘স্কালোনি ছিল খুবই রসিক; ঠাট্টা-মজা করতে ভালোবাসত’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প শোনালেন উরুগুয়ে এবং বোকা জুনিয়র্সের সাবেক মিডফিল্ডার আলভারো ‘তাতা’ গঞ্জালেস। ইতালির ক্লাব লাজিওতে একসঙ্গে খেলার সময় থেকেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে, যা আজও অটুট রয়েছে।

সাবেক এই ফুটবলার জানান, লাজিওতে খেলার সময় ড্রেসিংরুমে স্কালোনি ছিলেন খুবই প্রাণবন্ত ও রসিক স্বভাবের মানুষ। সতীর্থদের সঙ্গে ঠাট্টা-মজা করতে ভালোবাসতেন। মোবাইল ফোন লুকিয়ে রাখা কিংবা ছোটখাটো কৌতুক করাই ছিল তার স্বভাব। এসব কারণেই সতীর্থদের মাঝে স্কালোনির তুমুল জনপ্রিয়তা ছিল। তাই ক্লাব ছাড়ার সময় চোখের জলে ভাসতে হয়েছে সবাইকে। এমনই সব স্মৃতি সামনে এনেছেন তাতা। একই ফ্রেমে লিওনেল স্কালোনি (মাঝে) এবং ‘তাতা’ গঞ্জালেস (ডানে)।

তার ভাষায়, ‘স্কালোনির সঙ্গে আমার সম্পর্ক ছিল শুধুই সতীর্থের নয়, বরং সে ছিল আমার পরিবারের একজন। তার প্রথম সন্তানের জন্মের সময় আমার স্ত্রীও হাসপাতালেই ছিল। এখনো নিয়মিতই আমরা যোগাযোগ রাখি। লাজিও ছাড়ার সময় স্কালোনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কারণ, সতীর্থদের মাঝে সে ছিল অত্যন্ত জনপ্রিয়। একটি ম্যাচে গোল করার পর আমি স্কালোনিকে জার্সি উৎসর্গ করেছিলাম।’

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর স্কালোনিকে অভিনন্দন জানিয়ে তাতা গনসালেস বলেন, আর্জেন্টিনা দলে যে পরিবর্তন এসেছে, তার মূল কারিগর স্কালোনি। তার নেতৃত্বেই মেসি আবার নিজের সেরা রূপে ফিরেছেন। তাতা গনসালেসের আশা, ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে শিরোপার লড়াইয়ে থাকবে। তবে ফ্রান্স ও স্পেন এই বিশ্বকাপের বড় দাবিদার। আর্জেন্টিনার আশাও একেবারে উড়িয়ে দেননি তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর আলভারো গনসালেস এখন কোচিং পেশায় যুক্ত। বর্তমানে তিনি উরুগুয়ের একটি ক্লাবের দায়িত্বে রয়েছেন এবং ফুটবলের সঙ্গেই নিজের পথচলা চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত