মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০, স্ত্রীর সম্পদ ৩৬ লাখ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

প্রয়াত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা। তিনি পেশায় ব্যবসায়ী। 

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, মাসুদ সাঈদীর স্ত্রীর সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা এবং তার ওপর নির্ভরশীলদের বছরে আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা।

হলফনামা থেকে জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর,  ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। তার কাছে নগদ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা এবং ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে তার জমা আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। তার ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৩০ হাজার টাকার আসবাবপত্র ও ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এরপর তার কাছে ১০ ভরি ও স্ত্রীর কাছে ২০ ভরি সোনা রয়েছে।

এছাড়াও  বিদেশি রেমিট্যান্স হিসেবে তার রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। তার মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসির ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য ধরনে ব্যক্তিগত ঋণ হিসাবে মাসুদ সাঈদীর দায় রয়েছে ২০ লাখ টাকা।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মাসুদ সাঈদী ইসলামী ব্যাংক পিএলসি, মৌচাক শাখায় ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর দিয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত