গত ১ জানুয়ারি দেশ রূপান্তরে প্রকাশিত হয়েছিল ‘অলিম্পিক স্কলারশিপ হারানোর শঙ্কায় তিন শুটার’ শিরোনামের একটি সংবাদ। এতে উঠে এসেছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের নানা অনিয়ম আর দুর্নীতির খবর। ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দেশসেরা শুটার কামরুন নাহার কলি। সেই কামরুন নাহারকে এবার সাময়িক বহিস্কার করেছে শুটিং স্পোর্টস ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফেডারেশন পরিচালিত ক্যাম্পে ‘কোড অব কন্ডাক্ট (আচরণবিধি)’ ভঙ্গ করেছেন কামরুন নাহার। এ জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুটিং ক্রীড়ার সব কার্যক্রম থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বিষয়টি এরই মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে এবং স্থায়ীভাবে কেন কামরুন নাহারকে বহিষ্কার করা হবে না, এ নিয়ে তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে দেশ রূপান্তরকে কামরুন নাহার কলি বলেছিলেন, ‘কী কারণে এতদিন জাতীয় দলের ক্যাম্প বন্ধ আছে, সেটাই বুঝতে পারছি না। অনুশীলন নিয়মিত না করলে পারফরম্যান্স গ্রাফ নিচের দিকে নেমে যায়। আগামীকাল (আজ) থেকে শুরু হতে যাওয়া নতুন বছরের বেশিরভাগ আন্তর্জাতিক আসরে হবে অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার। অলিম্পিক আমাদের স্কলারশিপ দিচ্ছে, যাতে আমরা সেরা প্রস্তুতি নিয়ে কোটা প্লেসের আসরে খেলতে পারি এবং কোটা নিয়ে সরাসরি অলিম্পিকে যেতে পারি। অথচ সর্বশেষ প্যারিস অলিম্পিকের পর থেকে বাংলাদেশের শুটাররা একটিও আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি। আর এখন তো ক্যাম্পই বন্ধ আছে। যদি এভাবে চলতে থাকে, স্কলারশিপ কেন দেবে আমাদের অলিম্পিক?’
এরপর তিনি ক্ষোভ ঝেড়েছেন জিএম হায়দার ইস্যু নিয়ে, ‘একজন লম্পট, চরিত্রহীন ও বিতর্কিত ব্যক্তিকে ফেডারেশনে রাখার জন্য পুরো কমিটি ব্যস্ত হয়ে পড়েছে। অথচ এতে শুটারদের, সর্বোপরি দেশের চরম ক্ষতি হচ্ছে। আমাদের কথা হলো সরকার তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত চলার পাশাপাশি তো অনুশীলন ক্যাম্পও চলা উচিত। যদি আমাদের অভিযোগ অসত্য হয় তদন্তে, তখন আমাদের বাদ দিয়ে দিক। তার আগে কেন সব বন্ধ করে রাখা হবে। অথচ ফেডারেশন তো ঠিকই স্কলারশিপের ৬৫ শতাংশ আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে অনুশীলন পরিচালনা, খাবার-দাবার, ভালো কোচ, উন্নতমানের সরঞ্জামাদি ও বিদেশে খেলার সুযোগ করে দেওয়া বাবদ।’
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না- আশঙ্কা রবিচন্দ্রন অশ্বিনের
অলিম্পিক স্কলারশিপ হারানোর শঙ্কায় তিন শুটার
স্বামীর পারফর্মেন্স দেখে মাহমুদউল্লাহর স্ত্রী বললেন ‘এতটাও বুড়া হয় নাই’