কুমিল্লার ১১টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ রেজা হাসান। একই সঙ্গে ৭৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ অঞ্চলে মোট ১০৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তিনি এই ঘোষণা দেন।
কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনে মোট ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তবে প্রাথমিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এই আসনে দাখিল হওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টিই বাতিল করা হয়েছে।
আসনভিত্তিক যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, মো. রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিম, আমজনতার দলের মো. মাসুদ রানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে এনসিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি।
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী ও বাসদের কামরুন নাহার সাথী। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মুক্তিজোটের সজল কুমার কর ও স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকী। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও বাসদের মোহাম্মদ আলী আশরাফ। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী, ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক ও মোহাম্মদ মফিজুর রহমান জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ও স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসান। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম।
এ বিষয়ে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি আসনে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি বাতিল ঘোষণা করা হয়েছে।
