নাসরিনের জালে এবার ঋতুপর্ণা-দীপাদের এক ডজন 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

নারী ফুটবল লিগের কাগজে কলমে সেরা দল গড়েছিল নবাগত রাজশাহী স্টারস ফুটবল ক্লাব। তবে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, শিউলি আজিমরা মাঠে কেমন করেন সেটাই ছিল দেখার। শনিবার প্রথম ম্যাচ খেলতে নেমেই বুঝিয়ে দিয়েছে তাদের গভীরতা। বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচণা হয়েছে রাজশাহী। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ম্যাচটি জিতেছে ১২-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল রাজশাহী। দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করে তারা। রাজশাহীর হয়ে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন দীপা শাহী। 

কিক অফের ১৩ সেকেন্ডের মধ্যে প্রথম গোল পেয়ে যায় রাজশাহী। প্রথম আক্রমণকেই গোল পরিণত করেন শাহেদা আক্তার রিপা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৬ মিনিটে ব্যবধান বাড়ান দীপা। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে রিপার শট জালে জড়ালে রাজশাহী ৩-০ গোলে এগিয়ে যায়। ৩৮ মিনিটে গোলৎসবে যোগ দেন সুরভী আখন্দ প্রীতি। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে রাজশাহী। ৫৩ মিনিটে স্বপ্নারানীর গোলের তিন মিনিটর পর একইভাবে বক্সের বাইরে থেকে গোল করেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা। দীপা নিজের দ্বিতীয় গোল করেন ৫৮ মিনিটে। প্রীতি ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করার পর ৭৫ ও ৭৬ মিনিটে আলপি আক্তার ও তৃষ্ণারানী গোল করেন। রাজশাহীর শেষ দুই গোল আসে দীপার পা থেকে। ৮০ মিনিটে হ্যাটট্রিকের পূরণের পর ৮৪ মিনিটে দলের হয়ে গোলের ডজন পূরণ করেন তিনি।

বিকেএসপি'র কাছে শুরুর ম্যাচে ৮-০ ব্যবধানে হেরেই নাসরিন বুঝিয়েছিল এ বছর তারা শিরোপার ধারে কাছেও পৌঁছাতে পারবে না। তারকাখচিত দল নিয়ে গত লিগ জিতলেও অর্থাভাবে এবার ভাঙাচোড়া দল গড়ে নাসরিন। দুই ম্যাচে কুড়ি গোল হজম করেছে দলটি। অন্যদিকে রাজশাহী স্টারস জাতীয় দলের বেশ ক'জন তারকাকে নিয়ে দল গড়ে। চলতি লিগে তাদের শিরোপার লড়াইটা হবে ফরাশগঞ্জের সঙ্গে। যারা ঢাকা রেঞ্জারসকে ১০-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত