শরিয়ার পরিপন্থী নাম নিষিদ্ধ করল সৌদি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

ইসলামি শরিয়ার পরিপন্থী যেকোনো নাম সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, সরকারি সুবিধা পেতে হলে সব প্রতিষ্ঠান, স্থাপনা ও সংস্থার নাম অবশ্যই ইসলামি আইন ও শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, মসজিদ, স্কুল, হাসপাতালসহ সরকারি ও বেসরকারি ভবনের নাম শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হলে তা অনুমোদন পাবে না। আল্লাহতায়ালার গুণবাচক নাম ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ক্ষেত্রে মাত্র সাতটি নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের অনুমোদন ছাড়া বাদশাহ, যুবরাজ বা কোনও বিদেশি নেতার নামে স্থাপনার নামকরণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোনও ব্যক্তির নামে নামকরণ করতে হলে তার ইসলামি আচরণ ও নৈতিক অবস্থান যাচাই করা হবে।

সৌদি সরকার বলছে, ইসলামি পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নামকরণের ক্ষেত্রে দেওয়া বিধিমালায় বলা হয়েছে, সব প্রতিষ্ঠানের নাম ইসলামি শিক্ষা ও নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। আল্লাহতায়ালার গুণবাচক নামের মধ্যে সাতটি নাম নির্দিষ্টভাবে অনুমোদিত। সেগুলো হলো- আল-সালাম (শান্তির উৎস), আল-আদল (ন্যায়পরায়ণ), আল-আওয়াল (প্রথম), আল-নূর (আলো), আল-হক্ক (সত্য), আল-শাহিদ (সাক্ষী) এবং আল-মালিক (সার্বভৌম)।

নিষিদ্ধ ঘোষিত নামগুলো হলও- মালাক (দেবদূত), আবদুল আতি, আবদুল নাসের, আবদুল মুইন, আবদুল মুসলেহ, বিনইয়ামিন (বেঞ্জামিনের আরবি রূপ), নারিস, ইয়ারা, সিতাও, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আবদুন নবী, আবদুর রাসুল, সুমাও (রাজকীয় মর্যাদা), আল-মামলাকা (রাজ্য), তাবারক (যার ওপর আশীর্বাদ বর্ষিত হয়েছে), নারদীন, স্যান্ডি, রাম (হিন্দু দেবতা), মালিন, এলেইন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্ডা, বাসমালা, জিবরিল, আবরার, ইমান, বায়ান, বাসেল, বিরিলাম, নবী, নাবিয়া, আমির (রাজপুত্র), তালিন, আরাম, নারিজ, রিতাল, এ্যালিস, লারিন, কিবরিয়াল ও লরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত