স্পাইডারম্যান স্টাইলে নবজাতককে পরিচয় করালেন আলভারেজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

প্রথমবারের মতো বাবা হয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গত শুক্রবার জন্ম নিয়েছে তার ও সঙ্গী মারিয়া এমিলিয়া ফেরেরোর ছেলে আমাদেও। সন্তানের আগমনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে স্পাইডারম্যান স্টাইলে একটি আবেগঘন ছবি পোস্ট করেন আলভারেজ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, নবজাতক আমাদেওর ছোট্ট বাম হাত দিয়ে স্পাইডারম্যানের বিখ্যাত স্টাইল ফুটিয়ে তোলা হয়েছে। সাবেক রিভার প্লেট তারকা আলভারেজ গোল করার পর এভাবেই উদযাপন করে থাকেন। ছবিতে আরও দেখা যায়, শিশুটির আঙুল ধরে রেখেছেন তার বাবা-মা। ছবির ক্যাপশনে আলভারেজ লেখেন, ‘ভালোবাসি’।

পোস্ট দেওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ছবিটিতে এক লাখের বেশি লাইক এবং তিন হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া মন্তব্য করেন, ‘তোমাদের দুজনকে অভিনন্দন এবং এই সুন্দর শিশুটির জন্য অনেক আশীর্বাদ। স্বাগতম আমাদেও।’

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আলভারেজ জানিয়েছিলেন, তার সন্তানের নাম হবে ‘আমাদেও’। রিভার প্লেটের দুই কিংবদন্তি আমাদেও কারিসো ও আংহেল আমাদেও লাব্রুনার নামানুসারে তারা নিজ সন্তানের নাম রেখেছেন। রিভার প্লেট ক্লাবের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্ট থেকে জানানো হয় শুভেচ্ছাবার্তা, ‘স্বাগতম আমাদেও। রিভার প্লেট পরিবারের আরেকজন সমর্থক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত