মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অংশ নেয়।
রবিবার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনলসহ তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। এসময় উক্ত এলাকাগুলো থেকে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের মোট ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল ও ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাল গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
সিয়াম-উল-হক জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদী-নৌপথে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
