জাপান সাগরমুখী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে ময়ং চীনের বেইজিং সফর শুরু করার ঠিক আগমূহুর্তেই রবিবার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রের দিকে নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলি আনুমানিক ৯০০–৯৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। বিষয়টি তৎক্ষণাৎ মনিটরিং করছে সিউল, ওয়াশিংটন ও টোকিও।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তাদের কর্মী বা মিত্রদের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করে নি। অন্যদিকে, জাপান এই পরীক্ষাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চীনের প্রতি একটি সতর্কবার্তা হতে পারে, যাতে সে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে না পারে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযানকে সামনে রেখে নিজের শক্তি প্রদর্শন করছে। 

লি জুনে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম চীন সফর। সফরের সময় তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। দুই নেতার মধ্যে দুই মাসে এটি দ্বিতীয় বৈঠক, যা বিশ্লেষকদের মতে চীনের দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও বাণিজ্য, পর্যটন ও প্রযুক্তিতে সম্পর্ক সম্প্রসারণের আগ্রহের ইঙ্গিত বহন করছে।     

সফরের আগে লি জে মিয়ং চীনা রাষ্ট্রমাধ্যম সিসিটিভিকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাইওয়ান নিয়ে দক্ষিণ কোরিয়া 'ওয়ান-চায়না' নীতি মানতে অবিচল। তিনি বেইজিং-সিউল সম্পর্কের সুস্থ উন্নয়ন নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধার ওপর এবং শিকে একজন নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে অভিহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত