সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এবার ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন। এ নিয়ে প্রতিবেদন জমাদানের তারিখ মোট ১২৩ বার পিছিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এরপরই আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজন আসামি রয়েছে। বাকি আসামিরা হলেন-বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। আসামিদের মধ্যে তানভীর ও পলাশ বর্তমানে জামিনে আছেন। বাকি ছয়জন কারাগারে আটক রয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এ মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। আদালত টাস্কফোর্সকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার পাশাপাশি তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরবর্তীতে ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত