নগরের হামজারবাগ এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— চান্দগাঁও থানার বদ্দারহাট বাড়ির আব্দুল মান্নানের পুত্র মোহাম্মদ কামাল, কালামের পুত্র মোহাম্মদ সজিব ও মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ হাসনাইন।
পুলিশ জানায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে তিনজনকেই হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
আহতদের হাসপাতালে আনয়নকারী ঠিকাদার মঞ্জুর সাংবাদিকদের জানান, চাঁদা আদায়ের জন্য সাত-আটজন সন্ত্রাসী চাঁদা দাবি করে। দাবি মোতাবেক চাঁদা দিতে অস্বীকার করলে শ্রমিকদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
