নাজিরপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ: ৮ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়নের মধ্যে ঝনঝনিয়া গ্রামে ভাড়ায় নেওয়া একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে হয়েছে বলে অভিযোগ করেন এক ঘের মালিক। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী রাজিব শেখ (৪০) ঝনঝনিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

অভিযোগের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারী) বিকেলে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, মাছ পানির উপরে ভাসছে। এগুলো খাবারের অনুযোগী হওয়ায় মাটিতে পুঁতে রাখা হচ্ছে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার (৪ জানুয়ারী) ভোর থেকে রাজিব শেখের মাছের ঘেরে হঠাৎ করে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখা যায়। এলাকাবাসীর ধারণা মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে রাজিব শেখের বড় ভাই মুজাহিদ শেখ বলেন, আমার ছোট ভাই স্থানীয় হাফিজ দাড়িয়ার কাছ থেকে চাষের জন্য এই ঘেরটি পাঁচ বছরের জন্য নেয়। চুক্তির সময় ঘেরের পূর্ব পাড়ের বাসিন্দা সোবহান ফকির আমার ভাইকে ঘেরটি লিজ নিষেধ করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, এই ঘেরটিতে মাছ চাষ করে এখন পর্যন্ত কেউ সফল হতে পারেনি।

রাজিব শেখ অভিযোগ করে বলেন, ঘেরের চুক্তি করার সময় অনেকে আমাকে নিষেধ করেছিলেন। শত্রুতামূলকভাবে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এতে আমার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।

নাজিরপুর থানার ওসি মো. হারুন অর-রশীদ হাওলাদার জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত