আনচেলত্তির পরামর্শেই রিয়াল থেকে লিওঁতে এন্দ্রিক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। ক্লাবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হওয়ার দিনই বর্তমান কোচ পাওলো ফনসেকার সঙ্গে পালমেইরাসে তার সাবেক কোচ আবেল ফেরেইরার তুলনা করে আলোচনায় এসেছেন তিনি।

সংবাদ সম্মেলনে এন্দ্রিক বলেন, “পর্তুগিজ কোচিং স্টাফের অধীনে কাজ করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। পালমেইরাসে আবেল ফেরেইরার সঙ্গে যেভাবে কাজ করেছি, এখানেও আমি একই ধরনের পরিবেশ পাচ্ছি। মনে হচ্ছে, আবার সেই একই পথে হাঁটছি।”

বর্তমানে পর্তুগিজ ভাষায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও ভবিষ্যতে ফরাসি ভাষায় কথা বলার আশাবাদ ব্যক্ত করেন ১৮ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, “কয়েক মাসের মধ্যেই আমি ফরাসিতে কথা বলতে পারব বলে আশা করছি। সতীর্থদের সঙ্গে দ্রুতই মানিয়ে নিচ্ছি।”

বড় ক্লাবে খেলার চাপ প্রসঙ্গে এন্দ্রিক জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত তাকে মানসিকভাবে অনেক স্বস্তি দিয়েছে, “ব্রাজিলে চাপ অনেক বেশি। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছি। কে কী বলছে, সেদিকে না তাকানোই আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে।"

রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় মাঠে নামার সুযোগ না পেলেও সেই সময়টিকে নিজের জীবনের অন্যতম সেরা সময় হিসেবে উল্লেখ করেন এন্দ্রিক। তিনি জানান, এই সময়ে পরিবার ও ব্যক্তিগত জীবনে স্থিতি এনে নিজেকে আরও পরিণত মানুষ হিসেবে গড়ে তুলেছেন।

লিওঁর হয়ে এখনও মাঠে নামতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হয়নি এন্দ্রিকের। সব ঠিক থাকলে আগামী ১১ জানুয়ারি, লিলের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ম্যাচে নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে তার।

রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্তে কোচ কার্লো আনচেলত্তির পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান এন্দ্রিক, 'আনচেলত্তি আমাকে বলেছিলেন খেলতে যেতে এবং নিজের ফুটবল আরও বিকশিত করতে। আমি তার কথাই মেনেছি,।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত