যুক্তরাষ্ট্র হামলা চালালে অস্ত্র ধরার হুঁশিয়ারি কলম্বিয়ার প্রেসিডেন্টের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় সামরিক হামলা চালায়, তবে আবার অস্ত্র হাতে নিতে পারেন-এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের মতো কলম্বিয়ায়ও হস্তক্ষেপ হতে পারে-ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর এ প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্প কলম্বিয়াকে 'অসুস্থ মানুষের শাসনে থাকা দেশ' বলে আখ্যা দিয়ে কোকেইন উৎপাদনের সঙ্গে দেশটির নেতৃত্বকে জড়ানোর অভিযোগ তুললেও পেত্রো তা স্পষ্টভাবে অস্বীকার করেন। 

একসময় এম-নাইনটিন গেরিলা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও পরে আইনপ্রণেতা, মেয়র ও রাষ্ট্রপতি হওয়া পেত্রো বলেন, ট্রাম্প না জেনেই কথা বলছেন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দেন, কলম্বিয়ায় বোমা হামলা বা জনপ্রিয় ও নির্বাচিত প্রেসিডেন্টকে আটক করার চেষ্টা হলে দেশজুড়ে প্রতিরোধ গড়ে উঠবে এবং গ্রামীণ জনগোষ্ঠী পাহাড়ে নেমে গেরিলা যুদ্ধে যুক্ত হতে পারে।
 
মাদকবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদার হলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটন–বোগোতা সম্পর্কের তীব্র অবনতি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র পেত্রোর ভিসা বাতিল ও তাঁর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চল ও কলম্বিয়ার পশ্চিম উপকূলসংলগ্ন পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক তৎপরতা জোরদার করা হয়েছে। তবে কলম্বিয়ার রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মতাদর্শের নেতারাই দেশটির বিরুদ্ধে যেকোনো মার্কিন সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত