মুরাদনগরে দুই ভাইয়ের ভোটের লড়াই!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ব্যতিক্রমী রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে। ভিন্ন দুই রাজনৈতিক দলের মনোনয়নে একই আসনে এমপি প্রার্থী হয়েছেন খালাতো দুই ভাই।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক মন্ত্রী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অপরদিকে আমজনতার দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌধুরী রকিবুল হক (শিপন)।

রাজনৈতিক সূত্রে জানা যায়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও চৌধুরী রকিবুল হক (শিপন) সম্পর্কে আপন খালাতো ভাই। পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও দলের ব্যানারে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। অন্যদিকে চৌধুরী রকিবুল হক (শিপন) একই উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের স্থায়ী বাসিন্দা।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমজনতার দলের প্রার্থী চৌধুরী রকিবুল হক (শিপন) এখন পর্যন্ত তুলনামূলকভাবে নীরব ভূমিকা পালন করছেন। বিপরীতে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পুরো উপজেলা জুড়ে জোরালো গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

একই আসনে খালাতো দুই ভাইয়ের প্রার্থিতা— নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত