বিএনপির মনোনয়ন বঞ্চিত 

মোহাম্মদ আলী হচ্ছেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এফবিসিসিআইয়ের শীর্ষ নেতা ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির বর্তমান চেয়ারম্যান আবু হানিফ হৃদয়।

সংবাদ সম্মেলনে আবু হানিফ হৃদয় বলেন, ‘গত জুলাই মাসে মামলা নিষ্পত্তির মাধ্যমে আমাদের দল নিবন্ধন লাভ করে। তখনই আমি মোহাম্মদ আলী সাহেবকে দলে যোগদানের আমন্ত্রণ জানাই। তবে তিনি সর্বশেষ বিএনপি থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টিতে যোগ দেন।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দলীয় রেজুলেশনের মাধ্যমে তাকে নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়েছে। আগামীতে কাউন্সিলের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ঘোষণা করা হবে।’

আবু হানিফ হৃদয় জানান, সারাদেশে বাংলাদেশ রিপাবলিকান পার্টি ৭৭টি আসনে মনোনয়ন দিয়েছে, যার মধ্যে ১৫ থেকে ২০টি আসনে বিজয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সন্তান হিসেবে দল-মত নির্বিশেষে সবাই মোহাম্মদ আলীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমরা আশাবাদী। আমাদের লক্ষ্য ‘ভিশন ২০৫০’ বাস্তবায়ন।’

এ সময় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ‘আমি এর আগে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবার জোটগত সমীকরণের কারণে এই আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছি। বিএনপি একটি বড় দল এবং দীর্ঘদিন আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘ফতুল্লা আসনের সাতটি ইউনিয়নের এমন কোনো এলাকা নেই যেখানে আমার উন্নয়নমূলক কাজ হয়নি। নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়াসহ জনগণের প্রয়োজনীয় সব কাজ বাস্তবায়ন করবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত