পুরো রমজানে স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

রাজধানীর মালিবাগ মোড়ে ‘ধর্মপ্রাণ সচেতন অভিভাবক মহল’ আয়োজিত এক সমাবেশে পবিত্র রমজান মাস জুড়ে সারাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। এ সময় রোজা, তারাবি ও ইবাদতের মাধ্যমে নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চা বৃদ্ধি পায়। কিন্তু বিদ্যালয় খোলা থাকায় শিক্ষার্থীরা সঠিকভাবে রোজা পালন ও ইবাদতে মনোযোগ দিতে পারে না।

বক্তারা পূর্ববর্তী সরকারের সময় রমজানে ছুটি না দেওয়ায় দেশব্যাপী প্রতিক্রিয়া এবং আদালতে মামলার বিষয়টি স্মরণ করিয়ে দেন। তারা জানান, ২০২৫ সালে রমজানে বিদ্যালয় বন্ধ রাখা হলেও ২০২৬ সালে আবারও রোজার মধ্যে ক্লাস চালু করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

তাদের মতে, রমজানে কলেজ বন্ধ থাকলেও শিশুদের স্কুল খোলা রাখা অযৌক্তিক। শিশুদের জন্যই এ সময় বেশি বিশ্রাম ও ধর্মীয় চর্চার প্রয়োজন। রমজানের প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে তারা দাবি করেন, অন্তত রমজান শুরুর সাত দিন আগেই স্কুল বন্ধ ঘোষণা করা হোক।

সমাবেশ শেষে অভিভাবকরা অবিলম্বে রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে ছুটি ঘোষণার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি না মানলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত