স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বুধবার (৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের শুনানিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থার পক্ষে উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে আবেদনটি করেছিলেন।

দুদকের আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কিনে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি, অর্থ পাচারসহ নানা অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, তার পরিবারের সদস্যদের নামে ঢাকা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিদেশে জ্ঞাত আয়ের বাইরে ব্যাপক সম্পদ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, তারা দেশ ত্যাগ করে বিদেশে পলায়ন করে নিজেদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করতে পারেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিদেশে চলে গেলে দুর্নীতি বিষয়ক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

গত বছরের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত