ভারতের সূর্যবংশীর বিশ্বরেকর্ড ভাঙলেন পাকিস্তানের মিনহাস

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার সামির মিনহাস যুব ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। জিম্বাবুয়ের হারারেতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে তিনি যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতকের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। আগের রেকর্ডটি ছিল ভারতের বৈভব সূর্যবংশীর—২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওল্ড হারারিয়ান্স ক্লাবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানি বোলারদের দাপটে জিম্বাবুয়ে ৪৪.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৫৮ রানে। উমর জাইব ৪ উইকেট নেন ২০ রানে। একসময় ১৫ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়েকে কিছুটা লড়াইয়ে ফেরান মাইকেল ব্লিগনট (৬০) ও তাতেন্দা চিমুগোরো (২৮ অপরাজিত)।

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান কাজ শেষ করে ফেলে মাত্র ১৬.২ ওভারে। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন সামির মিনহাস। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার আরাফাতের ভাই মিনহাস ৪২ বলেই শতক পূর্ণ করে যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির নতুন মানদণ্ড স্থাপন করেন। শেষ পর্যন্ত তিনি ৫১ বলে ১১৪ রান করে আউট হন—এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছক্কা।

মোহাম্মদ শায়ানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৪.২ ওভারে ১৪৫ রান যোগ করেন মিনহাস। শায়ান অপরাজিত থাকেন ৩৮ রানে। এই জুটিতেই কার্যত ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়, এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তানের।

উল্লেখ্য, সামির মিনহাস এর আগেও আলোচনায় এসেছিলেন। গত মাসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে তিনি খেলেছিলেন ৭১ বলে দুর্দান্ত একটি সেঞ্চুরি, যা ছিল ওই টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস। চলতি ত্রিদেশীয় সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এর আগে ৭৭ বলে আরেকটি শতক হাঁকিয়েছিলেন। ধারাবাহিক এই পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বড় বার্তা দিয়ে রাখলেন পাকিস্তানের এই তরুণ ব্যাটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত