জামালপুর

সহপাঠীর ছুরির আঘাতে কিশোরের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

জামালপুর সদরে ছুরির আঘাতে মো. জিহাদ নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পায়নি পুলিশ। উপজেলার নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জিহাদ (১৫) ওই এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে। অভিযুক্ত মুন্না (১৫) একই এলাকার আবুল কাশেমের ছেলে। তারা দুইজন নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ জানায়, মুন্না, সাঈদ ও জিহাদসহ কয়েকজন মিলে স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখার আয়োজন করেন। মুড়ি খাওয়ার এক সময় মুন্নার সঙ্গে জিহাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে দস্তাদস্তি শুরু হলে মুন্না জিহাদের পিঠের চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

তবে মেয়ে ঘটিত কোনো বিষয় নিয়ে তাদের আগে থেকেই বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনা কোনো অভিযোগ পায়নি। তবে তদন্তে শেষে হলে ঘটনার আসল কারণ বেরিয়ে আসবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত