আপনার ‘হ্যাঁ’ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: হাসনাত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং নিজের ভোট নিজে দেওয়ার অধিকার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আপনার হ্যাঁ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে। তারা ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে। ফোন করে কেন্দ্র দখল ও ভোট দিতে না দেওয়ার হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, যারা হোন্ডা ও গুণ্ডা দিয়ে ভয় দেখানোর রাজনীতি করেন, তারা সাবধান হয়ে যান— এই রাজনীতি আর চলবে না। মানুষ এখন সচেতন হয়েছে। তারা আর ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, জনগণের অর্থ লুটপাটকারী এবং গোমতী নদীর মাটি দখলকারীদের এবার জনগণ প্রত্যাখ্যান করবে।

শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। আজ গ্রামে গ্রামে মানুষ তাঁর জন্য দোয়া করছে। শহীদ ওসমান হাদি যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই দায়িত্ব আমরা নিয়েছি।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই দেশেই নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠান। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত