গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই স্থানীয় নেতা নিজ নিজ সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পৃথক সময়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল এবং এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানানো হয়।
পদত্যাগকারীরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।
সংবাদ সম্মেলনে রুবেল মন্ডল বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছাত্রলীগের দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় এবং ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
অন্যদিকে তুষার কান্তি বাইন বলেন, তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলেও শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা সমস্যার কারণে তিনি সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেননি। বর্তমানে বিভিন্ন জটিল রোগে ভুগছেন উল্লেখ করে সজ্ঞানে ওই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
