পাকিস্তান কাঁপল ভূমিকম্পে 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (৯ জানুয়ারি) ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ১৫৯ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। খবর দ্য ডনের।

তবে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান এবং গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পে পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তান প্রভাবিত হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয় এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে পাকিস্তানের অবস্থান। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগ থাকায় এই অঞ্চলে ভূ-কম্পন নিয়মিত ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত