কুতুবদিয়ায় ট্রলারডুবি

২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ ও আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুতুবদিয়া দ্বীপ উপকূলবর্তী সাগরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার ট্রলারের মাঝি মো. এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরীপাড়ার আব্দুল মোতালেব ওরফে লেড়াইয়া।

নিখোঁজ কিশোর জেলে মো. ফয়সাল (১২) বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার মাহমুদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে কুতুবদিয়া উপকূলের গভীর সাগরে বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার মো.কামালের মালিকানাধীন একটি ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরছিল। এক পর্যায়ে আকস্মিক ট্রলারটি ডুবে যায়। এসময় ৮ জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিল।

ঘটনার পর থেকে স্থানীয় জেলে ও স্বজনরা ঘটনাস্থলের আশপাশের সাগর এলাকায় খোঁজ চালায়। এক পর্যায়ে ভোরে সাগরে ভাসমান অবস্থায় দুই জেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে মো. ফয়সাল নামের এক কিশোর জেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত