কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইসসহ তাদের আটক করে পুলিশ।
আটকদের মধ্যে দুইজনের বাড়ি মাদারীপুরে, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ও বাকি সাতজন নাগেশ্বরী উপজেলার।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানায়, পরীক্ষা শুরুর আগে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১০ জনকে আটক করা হয়। আটকদের কাছে থেকে প্রশ্নপত্রের ফটোকপি ডিভাইস পাওয়া গেছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে আটকদের কাছ থেকে পাওয়া প্রশ্নের মিল আছে কিনা তা এখনও দেখা হয়নি।
শুক্রবার বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
