আসন্ন আমেরিকান থ্রিলার ফিল্ম রবিন হুডের কিংবদন্তির ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য ডেথ অফ রবিন হুড’ এবছরে আসতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪।
এতে দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত ও মানসিকভাবে ভেঙে পড়া এক রবিন হুডকে। তার কণ্ঠে গভীর অনুশোচনা শোনা যায় । তিনি বলছেন, ‘আমি এত মানুষ হত্যা করেছি, তার কোনো হিসাব নেই। এটা একটা অভিশাপ।’
এই সিনেমায় রবিন হুড চরিত্রে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। ট্রেলারে তার উপস্থিতি পরোপকারী নায়ক নয়, বরং দীর্ঘদিনের সহিংসতা ও হত্যার স্মৃতি বহন করা এক ক্লান্ত মানুষ। যুদ্ধে আহত হওয়ার পর রবিন হুডের জীবনে আসে এক রহস্যময়ী নারী। তার সহায়তায় সে বেঁচে ফেরে। তবে বেঁচে ফেরা মানেই মুক্তি নয়। তাকে মুখোমুখি হতে হয় নিজের অতীতের ভয়াবহ কর্মফলের। রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন জোডি কোমার।
‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন মাইকেল সারনোস্কি।
এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক মাইকেল সারনোস্কি বলেন, রবিন হুড আসলে একজন দস্যু। সে অনেক ভয়াবহ কাজ করেছে। সে এত দীর্ঘ সময় বেঁচে ছিল যে নিজের নামে গড়ে ওঠা বীরত্বগাথা ও লোককথা নিজ চোখেই দেখতে পেরেছে।
চলতি বছরের শেষ দিকে ইংরেজ লোককাহিনীর এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।