বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ইউট্যাবের শুভেচ্ছা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ শনিবার এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই শু‌ভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ ব‌লেন, বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে উল্লেখ করে এতে বলা হয়, ইতিমধ্যে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আজ সুসংগঠিত। জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান সফল হবেন। কারণ তার আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান।

তারা আরও বলেন, দল ও দেশ পরিচালনায় তারেক রহমানের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত নতুন বাংলাদেশে তিনি তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন। একইসঙ্গে দলের নীতিনির্ধারকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত