জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ। রবিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে।
এ মামলায় তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠনের জন্য প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষকে শুনবেন ট্রাইব্যুনাল। যদিও ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন পলকের আইনজীবী লিটন আহমেদ। গত ৭ জানুয়ারি এ আবেদন করেন তিনি। এছাড়া পলাতক জয়ের পক্ষে লড়বেন সরকারি খরচে নিয়োগ পাওয়া (স্টেট ডিফেন্স) আইনজীবী মনজুর আলম।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য আড়াল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নে উসকানি, ষড়যন্ত্র ও প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন জয় ও পলক।
এর আগে, গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিনই সজিব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটির উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল আইসিটি মন্ত্রণালয়। যার মাস্টারমাইন্ড হিসেবে জয়ের নাম উল্লেখ করা হয়। আর বাংলাদেশে বসে এসব পরিকল্পনা বাস্তবায়ন করেন পলক। ফলে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয় ট্রাইব্যুনালে।
