আয়কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা দুলু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

দেড় যুগ আগের আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

এদিন দুলু আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান।

এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলা করেন।

মামলায় অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন বিএনপির এই নেতা। এ ছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতেও গিয়েছিলেন। তবে আদালতের সিদ্ধান্ত তার বিপক্ষে যায়। পরে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠণের মাধ্যমে তার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত