সেন্ট্রাল পিভটের যুগে বাংলাদেশ, ঈশ্বরদীতে বদলে যাবে সেচব্যবস্থা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো আধুনিক সেচব্যবস্থা ‘ভ্যালি ইরিগেশন সেন্টাল পিভট’ স্থাপনের কাজ শেষ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। বিএডিসি’র পানাসি প্রকল্পের আর্থিক সহযোগীতা এবং অস্ট্রিয়ার কারিগরি সহায়তায় বাস্তবায়ন হচ্ছে এই অত্যাধুনিক সেচ প্রকল্পটি। এটি স্থাপন করা হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি কৃষি খামারে। যা নাটোর জেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাভুক্ত।

বিএডিসি সূত্র জানায়, বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থায় বহুল ব্যবহৃত সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি এবার প্রথমবারের মতো বাংলাদেশে স্থাপন হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে নিচ থেকে নয়, পাইপের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে বৃষ্টির মত জমিতে পানি ছিটানো হবে। বড় আকারের কৃষিজমিকে কম সময় ও কম পানি ব্যবহার করে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাভুক্ত ঈশ্বরদীর মুলাডুলি কৃষি খামারে আজকে সফলভাবে আধুনিক এই সেচ যন্ত্রটি স্থাপন করা হয়েছে এবং পরীক্ষামূলক এর সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে।  প্রকল্পটি চালু হলে বিভিন্ন খামার ও বেসরকারি উদ্যোগেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় কৃষিবিদরা। এতে করে একই জমিতে একাধিক ফসল ফলানো, চাষের সময় কমানো এবং পানির সাশ্রয় সম্ভব হবে। ফলে খামারের আবাদযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা

পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো আধুনিক সেচব্যবস্থা ‘ভ্যালি ইরিগেশন সেন্টাল পিভট’ স্থাপনের কাজ শেষ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

মুলাডুলি কৃষি খামারের ব্যবস্থাপক আনারুল ইসলাম সূর্বণ জানান, বাংলাদেশে এটিই প্রথম প্রকল্প যা মুলাডুলি কৃষি খামারে স্থাপিত হল। এই প্রকল্পের মাধ্যমে এক সাথে ১৫০ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এই পরিমাণ জমিতে পাম্প দিয়ে সেচ দিলে সময় লাগবে প্রায় এক মাস। সেখানে ‘ভ্যালি ইরিগেশন সেন্টাল পিভট’ বা আধুনিক যান্ত্রিকীকরনের মাধ্যমে সেচ দিতে সময় লাগবে মাত্র ১০ দিন। তিনি আরও জানায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষি খামারের আখসহ সব ধরণের সাথী ফসল চাষাবাদে ব্যাপকভাবে উপকৃত হবে। খামার ব্যবস্থাপক আরও বলেন, গত ২ জানুয়ারী প্রকল্পটির নির্মান কাজ শুরু হয়ে রবিবার (১১ জানুয়ারী) তা শেষ হয় এবং পরীক্ষামূলকভাবে এর বাস্তবায়ন সম্পন্ন করা হয়। 

ঈশ্বরদী বিএডিসির সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বার্মন বলেন, আধুনিক কৃষিতে পানি ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেন্ট্রাল পিভট প্রযুক্তি সেচ ব্যবস্থাকে দ্রুত, স্বয়ংক্রিয় ও সাশ্রয়ী করবে। এক প্রযুক্তির মাধ্যমে জমির উপর থেকে বৃষ্টির মত পানি ছিটানো হবে। যার ফলে জমিতে সমানভাবে পানি সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্প সফল হলে দেশের বৃহৎ কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। জলবায়ু পরিবর্তন ও পানি সংকটের সময়ে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত প্রযুক্তির ব্যবহার কৃষকদের কাছে সহজলভ্য হলে বাংলাদেশে বাণিজ্যিক কৃষির নতুন সম্ভাবনা তৈরি হবে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুল মমিন জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে মুলাডুলি কৃষি খামারে প্রকল্পটি চালু হচ্ছে। এটি একটি আধুনি প্রযুক্তি, যারা মাধ্যমে একসাথে অনেক জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এই প্রকল্পটি চালু হলে কৃষক বেশ উপকৃত হবে। বর্তমানে জমিতে পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে। যার ফলে জমিতে সেচ দিতে কৃষকদের চরম বেগ পোহাতে হয়। এই প্রকল্পের মাধ্যমে অল্প খরচে এবং কম সময়ে অধিক জমিতে সেচ দেয়া সম্ভব হবে। 
   
এই অঞ্চলের কৃষির জন্যও বড় অর্জন উল্লেখ করে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূইয়া বলেন, দেশে প্রথমবারের মতো এই আধুনিক সেচ ব্যবস্থা আমাদের খামারে স্থাপন হচ্ছে এটা শুধু মিলের জন্য নয়, এই অঞ্চলের কৃষির জন্যও বড় অর্জন ও সু-সংবাদ। আমরা আশা করছি, সেন্ট্রাল পিভট প্রযুক্তির মাধ্যমে আমরা সময়, শ্রম এবং পানি- তিনটিই সাশ্রয় করতে পারবো। আগে যেখানে সেচ দিতে দুই দিন লাগত, সেন্ট্রাল পিভট সেটিতে কয়েক ঘণ্টায় কাজ শেষ করবে। এর ফলে আমরা একই জমিতে একাধিক মৌসুমি ফসল নিতে পারবো।

একই ভাবে বিএডিসির পাবনা রিজিয়নালের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাবনা, নাটোর, সিরাগঞ্জ (পানাসি) প্রকল্পের আর্থিক সহযোগীতার মাধ্যমে মুলাডুলি কৃষি খামারে এই প্রকল্পটি চালু হচ্ছে। যা বাংলাদেশে প্রথম প্রকল্প। এই প্রকল্পটি চালু হলে বদলে যাবে এই অঞ্চলের কৃষির চিত্র। যার ফলে কম খরচে এবং শ্রমিক ব্যবহার করে বেশি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এই আধুনিক সেচ যন্ত্রের মাধ্যমে উচু-নিচু জমিতে সমানভাবে পানি সরবরাহের মাধ্যমে ফসল উৎপাদন তরান্বিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত