অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অধীনে রাজধানীর পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে, বনানী থানা পুলিশ ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শেরেবাংলানগর থানার বরাতে তিনি বলেন, একই দিন শেরেবাংলানগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে।
